সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
মাঠে সময়টা ভালো কাটছে না স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। তবে মাঠের চেয়ে কাতালানদের অন্দরমহলের সমস্যাটা বেশি প্রকট। মাঠের বাজে পারফরম্যান্স, ভালভার্দেকে কোচের পদ থেকে ছাটাই এবং ক্লাবের অভ্যন্তরের অন্যান্য সব সেক্টরে যে ঝড় বইছে, সব মিলে অন্ধকার সময় পার করছে বার্সা।
এতসব কিছুর ভেতর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২ টায় মাঠে নামছে মেসি-গ্রিজম্যানরা। স্প্যানিশ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাতলেটিকো বিলবাওয়ের মুখোমুখি কিকে সেতিয়েনের দল।
লা লিগা চ্যাম্পিয়নরা কোপা দেল রেতে সবশেষ অ্যাতলেটিকো বিলবাওয়ের মোকাবিলা করেছিল ২০১৭ সালে; পাকো আলকাসের-মেসি ও ভিদালের গোলে ঘরের মাঠে ৩-০ গোলের জয় পেয়ছিল কাতালানরা।
তবে সম্প্রতি বার্সার জন্য শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে গাইজকা গারিতানোর দল। নিজেদের মাঠে সবশেষ দেখায় ১-০ গোলের (লা লিগা) জয় পেয়েছিল বিলবাও। একই প্রতিযোগিতায় আগের দুই ম্যাচেও বার্সাকে জিততে দেয়নি তারা।
সবপ্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচে বার্সা জিতেছে ১৮ বার, চার জয় বিলবাওয়ের আর ৭টি ম্যাচ ড্র হয়েছে। তবে মজার বিষয় হচ্ছে, গেল বছর ক্লাবটির বিপক্ষে জয় পায়নি মেসিরা। ২০১৮ সালের ১৮ মার্চ ঘরের মাঠে ২-০ গোলের সবশেষ জয় বার্সার।
শুধু তাই নয় চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে খুব একটা সাফল্য নেই বার্সার। ২২ ম্যাচে ৪ পরাজয়ের মধ্যে সবকটি ম্যাচই হেরেছে প্রতিপক্ষের মাঠে। আজও বার্সা বিলবাওয়ের মাঠে আতিথ্য নেবে, এখন দেখার বিষয় প্রতিপক্ষের মাঠে জয়ের সেই খরা কাটাতে পারে কিনা।
যদিও চলতি আসরে একের পর এক দুঃসংবাদ আসছে কাতালান শিবিরে। চোটের কারণে দীর্ঘ দিনের জন্য দলের বাইরে লুইজ সুয়ারেজ; ফেরার আসা জাগিয়ে আবারও ইনজুরিতে পড়েছেন বিশ্বকাপজয়ী ফ্রান্স তারকা উসমান দেম্বেলে। এ দিকে, মৌসুমের শুরুর দিকে চোটে থাকা মেসি এখন পর্যন্ত নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন; তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিচ্ছেন তরুণ আনসু ফাতি ও ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান।
কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে মাঠে নামবে লা লিগার পয়েন্ট টেবিলের চূড়ায় থাকা রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দেবে জিনেদিন জিদানের শিষ্যরা। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি