অ্যাপোলো ইলেভেন ক্লাবকে উড়িয়ে দিলো বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র

প্রকাশিত: 4:12 PM, December 24, 2023

অ্যাপোলো ইলেভেন ক্লাবকে উড়িয়ে দিলো বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র

তানজীল শাহরিয়ার:

মাহা ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ৪র্থ ম্যাচে অ্যাপোলো ইলেভেন ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র। লিগের ১ম ম্যাচেই দুর্দান্ত এক জয় তুলে নিলো বীর বিক্রম।

 

সকালের মেঘলা আবহাওয়ায় টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র। বীর বিক্রমের বোলাররা টসে জয়লাভ করার পুরো সুবিধা আদায় করে নিয়েছেন। অ্যাপোলো ইলেভেন ক্লাবের দলীয় স্কোর যখন ৭, তখন ৩য় অভারের ৫ম আর ৬ষ্ঠ বলে দুই উইকেট তুলে নেন ছোটন। এই জোড়া ধাক্কায় ব্যাকফুটে চলে যাওয়া অ্যাপোলো ইলেভেন আর ঘুরে দাঁড়াতে পারেনি।

 

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা।

 

ছোটন একপ্রান্ত থেকে একের পর এক উইকেট তুলে নিয়ে অ্যাপোলো ইলেভেন ক্লাবের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়েছেন। অন্যদিকে সুমন আর সাব্বিরও পাল্লা দিয়ে উইকেট তুলে নিয়েছেন। বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের বোলারদের সামনে ব্যাটাররা যেন অসহায় আত্মসমর্পণ করেছেন।

আরও পড়ুন  সুনামগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির সভা

 

বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও নিজেদের ইনিংসকে বড়ো করতে পারেননি তুহিন (১৮), রেদওয়ান (১৮), রাকিব (১৩)। অন্য ব্যাটাররা দুই অঙ্কের দেখা পাননি। ৩১.২ অভারে অলআউট হবার আগে সাকল্যে ৯৫ রান তোলে অ্যাপোলো ইলেভেন ক্লাব।

 

অতিরিক্ত খাত থেকে ১৮ রান আসলেও একশো রানের আগেই অ্যাপোলো ইলেভেনকে বেঁধে রাখতে সমর্থ হন বীর বিক্রমের বোলাররা। বীর বিক্রমের সেরা বোলার ছিলেন ছোটন। ৭ অভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন তিনি। সুমন ৯ অভারে ১১ রানের বিনিময়ে ৩টি এবং সাব্বির ২০ রান দিয়ে ২টি, অমিত ১৮ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন।

 

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দ্রুত রান তোলায় মনোযোগি ছিলেন বীর বিক্রমের দুই অপেনার সুমন (সিনিয়র) এবং মাসুম। উদ্বোধনী জুটিতে ৬.৩ অভারে ৩৩ রান তোলেন তারা। আফজাল পরপর দুই বলে দুই সুমনকে (সিনিয়র এবং জুনিয়র) সাজঘরে ফেরত পাঠান।

আরও পড়ুন  দক্ষিণ সুনামগঞ্জে শিশু ধর্ষণ, কারাগারে ধর্ষক

 

৫২ রানে ৪র্থ উইকেট হারালেও প্রসেনজিৎ এবং নাজিমের দায়িত্বশীল ব্যাটিং বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রকে ম্যাচ জয়লাভে সহায়তা করে। ২৩ অভারে ৬ উইকেট হারিয়ে ৯৮ রান করে জয়ী হয়ে মাঠ ছাড়েন বীর বিক্রমের ব্যাটাররা।

 

প্রসেনজিৎ ২৭, সুমন ২২, মাসুম ১৯, নাজিম ১৪ রান করেন। আফজাল ২২ রান দিয়ে এবং সুজন ৩৭ রান দিয়ে ৩টি করে উইকেট লাভ করেন।

 

দুর্দান্ত বোলিং নৈপূণ্যের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের ছোটন।

 

আগামিকাল লিগের ৫ম ম্যাচে মোকাবেলা করবে অনির্বাণ ক্রীড়া চক্র এবং ইয়াং পেগাসাস ক্লাব। সিলেট জেলা স্টেডিয়ামে সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে।

সর্বশেষ সংবাদ