খালেদা জিয়ার কিছু হলে পরিণতি শুভ হবে না : মির্জা আব্বাস

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩

খালেদা জিয়ার কিছু হলে পরিণতি শুভ হবে না : মির্জা আব্বাস

প্রভাতবেলা ডেস্ক:

খালেদা জিয়ার কিছু হলে এর পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাই আল্টিমেটামের আগামী ৩৬ ঘণ্টার মধ্যে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ফের দাবি জানিয়েছেন তিনি।

 

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

 

গতকাল রবিবার বিকালে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানোর আল্টিমেটাম দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই আল্টিমেটামের ১২ ঘণ্টা পেরিয়ে গেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘আমি আবারও অনুরোধ জানাব, ৪৮ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টা সময় চলে গেছে। আর ৩৬ ঘণ্টার মধ্যে যেন দেশনেত্রীকে বিদেশে পাঠানো হয় চিকিৎসার জন্য।’

 

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ‘একটা কথা আমি আবারও বলছি, এই অবস্থায় দেশনেত্রীর যদি কিছু হয়ে যায়, তাহলে আপনাদের কারও কোনো অস্তিত্ব বাংলাদেশে আমরা রাখব না। আমি দুঃখিত, আমি একটু বোধহয় আবেগপ্রবণ হয়ে গেছি।’

 

গত ৯ আগস্ট থেকে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলেছেন, তার অবস্থা সংকটজনক। লিভার প্রতিস্থাপনের জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানো জরুরি।

আরও পড়ুন   ইলিয়াছ আলী নিখোঁজের ১২ বছর

 

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ‘আমরা আসলে বোকার স্বর্গে বাস করছি। আমরা বুঝতে পারিনি, যেদিন নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে সেদিন থেকেই তাকে হত্যার চক্রান্ত করা হয়েছে। এই গ্রেপ্তার ছিল তাকে হত্যা করার জন্যে। আমরা বুঝতে পারিনি। আমরা বুঝেছি গ্রেপ্তার করা হয়েছে। অসুস্থ হওয়ার পরে আমরা বলা শুরু করেছি তিনি অসুস্থ হয়েছেন।’

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে ‘আইনি জটিলতা’ রয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য ধরে মির্জা আব্বাস বলেন, ‘আসলে উনাকে গ্রেপ্তার করে অসুস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে এটাই ছিল তাদের প্ল্যান। সেই প্ল্যান এখন কার্যকর করছে। আর না হলে কীভাবে অমানুষের মতো, অমানবিকতার মতো একটা কথা বলেন যে, খালেদা জিয়াকে বাইরে পাঠানোর কোনো সুযোগ নাই… আইনের জটিলতা আছে?’

তিনি বলেন, ‘একটা মানুষের জীবন বাঁচাতে পৃথিবীর কোনো আইন-টাইন কাজে লাগে না। যখন জীবন বাঁচানোর প্রয়োজন হয়, তখন তার জন্য যে চিকিৎসা দরকার, সেটা করা দরকার। এটা হলো মানবিক আইন। আন্তর্জাতিক জেনেভার কনভেনশনের একটা আইন আছে, সেই আইনে উনি চিকিৎসা পেতে পারেন। কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না।’ সরকার এই সুযোগটি নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন  করোনা: তথ্য সংগ্রহে বিভাগীয় কমিটি করল বিএনপি

 

কারাবন্দি নেতাদের বিদেশে পাঠানোর অতীত উদাহরণ তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ‘গতকাল আমাদের মহাসচিব বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে উনাকে বিদেশে পাঠাতে হবে। আজকে দেখলাম উনারা (সরকার) বলছেন, আইনের জটিলতা আছে। আমি আজকে স্মরণ করিয়ে দিতে চাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময়ে আসম আবদুর রবকে জার্মান পাঠানো হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে রাশেদ খান মেননকেও বিদেশে পাঠিয়েছিলেন, তার লিভার টুকরো টুকরো হয়ে গিয়েছিল তাকে সুস্থ করেছিলেন। আজকে সে আমাদের বিরুদ্ধে কথা বলে।’

 

তিনি আরও বলেন, ‘হাজী সেলিম ব্যাংকক গেলেন, চিকিৎসা করে ফেরত আসলেন। তিনি বাইরে আছেন, এখন সহিসালামতে আছেন। মহিউদ্দিন খান আলমগীর একই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বাইরে ঘুরাফেরা করছেন, মায়া (মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া) একই মামলায় সাজাপ্রাপ্ত, বাইরে ঘুরাফেরা করছেন। অথচ আমার নেত্রী অপরাধ করেননি, তাকে বন্দি করে রাখা হয়েছে।’

 

মিলাদ মাহফিলে সাবেক ছাত্র নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুঁইয়া, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, ফজলুল হক মিলন, শিরিন সুলতানা, আসাদুর রহমান খান, এবিএম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম খান আলিম, আবদুল কাদির ভুঁইয়া জুয়েলসহ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ