গণতন্ত্র মঞ্চের ৪৮ ঘণ্টা হরতালের ডাক

প্রকাশিত: 3:57 PM, November 16, 2023

গণতন্ত্র মঞ্চের ৪৮ ঘণ্টা হরতালের ডাক
দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে এবং এর প্রতিবাদ জানিয়ে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। একইসঙ্গে আগামী রোববার ও সোমবার সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে সরকার বিরোধী এই জোট।

 

বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড় হয়ে কালভার্ট রোড দিয়ে বিজয় নগর পানির পাম্প হয়ে পল্টন মোড় থেকে প্রেসক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশের পরিচালনায় বক্তব্য রাখেন। এতে বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাক্কারুল ইসলাম নবাব প্রমুখ।

আরও পড়ুন  ২০ দলীয় জোটের বৈঠক আজ

 

সমাবেশে নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন আয়োজনের তপশিল আমরা প্রত্যাখ্যান করেছি। গণদাবির বিপক্ষে গিয়ে প্রহসনের তপশিল ঘোষণায় এই দলীয় লেজুড়বৃত্তিক নির্বাচন কমিশনকেও প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের জনগণ। চলমান আন্দোলনে দেশবাসী যেভাবে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে গেছেন সেভাবে এগিয়ে যেতে থাকলে এই প্রহসনের তপশিলের সঙ্গে সঙ্গে এই লেজুড়বৃত্তিক নির্বাচন কমিশন ও অবৈধ ভোট ডাকাত সরকারের পতন অবশ্যম্ভাবী। জনগণকে সরকারের প্রতি অনাস্থা জানিয়ে এই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে নেওয়ার আহ্বান জানান নেতারা।

 

এসময় আরও উপস্থিত ছিলেন- ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডিসহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ